প্যারোলে মুক্তি পেয়েই উধাও খুনি! ৪০ বছর শিক্ষকতা, পেলেন ‘সেরা শিক্ষক’ সম্মানও – এবেলা

প্যারোলে মুক্তি পেয়েই উধাও খুনি! ৪০ বছর শিক্ষকতা, পেলেন ‘সেরা শিক্ষক’ সম্মানও – এবেলা

এবেলা ডেস্কঃ

১৯৭০ সালের একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সন্দেলা বীরান্না প্যারোলে মুক্তি পেয়ে দীর্ঘ চার দশক ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বহাল তবিয়তে জীবন কাটিয়েছেন। আদালতের নির্দেশমতো ১৯৮৪ সালে জেলে আত্মসমর্পণ না করে তিনি আত্মগোপন না করে পরিচয় ভাঁড়িয়ে তৎকালীন অন্ধ্রপ্রদেশের গুডি়ভাডায় সরকারি শিক্ষকের চাকরি নেন। শুধু তাই নয়, আইনের চোখে পলাতক আসামি হওয়া সত্ত্বেও তিনি ২০০৪ সালে ‘সেরা শিক্ষক’-এর পুরস্কার লাভ করেন এবং ২০১৩ সালে চাকরি থেকে অবসর নিয়ে নিয়মিত পেনশনও ভোগ করতে থাকেন।

অবশেষে ২০২৪ সালের মে মাসে ওয়ারাঙ্গলের বিশেষ টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে তিনি চেরলাপল্লি কারাগারে বন্দি হন। পরবর্তীতে তাঁর স্ত্রী তেলঙ্গানা হাই কোর্টে শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করলেও আদালত তা খারিজ করে দেয়। বিচারপতির স্পষ্ট অভিমত, রাষ্ট্রের দীর্ঘ বিলম্ব বা আসামির বর্তমান বয়স যাবজ্জীবন সাজা থেকে অব্যাহতি পাওয়ার কারণ হতে পারে না। পাশাপাশি, প্রশাসনের নজরদারির এই গুরুতর ব্যর্থতার তীব্র সমালোচনা করে আদালত ভবিষ্যতে এমন ঘটনা রোধে বিশেষ ট্র্যাকিং ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *