“প্রতিবাদ করলে চাকরি খাবে!” সাগরে পঞ্চায়েত অফিসে সাফাইকর্মীকে যৌন হেনস্তা, গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট – এবেলা

“প্রতিবাদ করলে চাকরি খাবে!” সাগরে পঞ্চায়েত অফিসে সাফাইকর্মীকে যৌন হেনস্তা, গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

সাগর: সরকারি অফিসের ভেতরেই এবার এক মহিলা সাফাইকর্মীকে যৌন হেনস্তা ও চাকরি থেকে বরখাস্ত করার হুমকির মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনার সাগর থানা এলাকার এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নিগৃহীতার লিখিত অভিযোগের ভিত্তিতে ত্বরিত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রতন পুরকাইতকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সাগর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান ওই সাফাইকর্মী। অভিযোগে তিনি জানান, গত ২৭ জুলাই সকাল সাড় ৮টা নাগাদ তিনি পঞ্চায়েত অফিসে নিত্যদিনের কাজ করছিলেন। সে সময় অফিসে তাঁকে একা পেয়ে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করেন রতন পুরকাইত।

মহিলা কর্মীটি সঙ্গে সঙ্গে এর তীব্র প্রতিবাদ জানান। কিন্তু তাতেও দমে না গিয়ে উলটে নিজের পদের দাপট দেখিয়ে মহিলাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত। আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়লেও পরে সাহস সঞ্চয় করে পরিবারের সদস্যদের নিয়ে থানায় হাজির হন ওই নির্যাতিতা।

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে পুলিশ। ধৃত রতন পুরকাইতের বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’র (BNS) ১২৬(২), ৬৪(২)(বি) এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করা হয়। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানান, লিখিত অভিযোগের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগকারিণীর গোপন জবানবন্দিও নেওয়া হবে।

বৃহস্পতিবার অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। তবে পঞ্চায়েতের মতো জায়গায় এমন ঘটনায় চুক্তিভিত্তিক ও প্রান্তিক কর্মীদের কর্মস্থলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *