প্রলয়ঙ্করী বিপর্যয়ের মাঝেই চিনে তীব্র ভূমিকম্প! ফের হড়পা বানের আশঙ্কায় কাঁপছে নেপাল? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রকৃতির রুদ্র তাণ্ডবে ইতিমধ্যেই অন্তত পাঁচশো মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন হাজারেরও বেশি মানুষ। এই ভয়াবহ বিপর্যয়ের ক্ষত না শুকাতেই শুক্রবার ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন। দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান অঞ্চলে অনুভূত হওয়া এই কম্পনের জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এর পরপরই তিব্বতের কাছে একটি হিমবাহ হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার খবর মিলেছে। যার ফলে মারাত্মক ঝুঁকির মুখে থাকা উত্তর নেপালে নতুন করে হড়পা বানের সতর্কতা জারি করেছে বেজিং।
চিনের জলসম্পদ মন্ত্রক আগেই নেপাল-তিব্বত সীমান্তে নতুন হিমবাহ হ্রদ সৃষ্টির বিষয়ে ৭২ ঘণ্টার প্লাবন সতর্কতা জারি করেছিল। আশঙ্কা করা হচ্ছিল, অতিরিক্ত জলের চাপে হ্রদটি ভেঙে পড়তে পারে। সেই আশঙ্কাই সত্যি করে বাঁধ ভাঙার খবর আসার পর পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। রাসুয়া ও ধাদিং জেলায় সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভয়াবহ এই হড়পা বানের আশঙ্কায় আপাতত সমস্ত উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে। সব মিলিয়ে এই যমজ বিপর্যয়ে গোটা অঞ্চলে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
