প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি দাদা, কোচবিহারে রডের আঘাতে খুন ১৮ বছরের বোন – এবেলা

এবেলা ডেস্কঃ
September 14, 202610:34 am
কোচবিহারের তুফানগঞ্জে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করল পুলিশ। ১৮ বছরের এক তরুণীকে খুন করার অভিযোগে তাঁর দাদাকেই গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার রাতে তুফানগঞ্জের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকা থেকে যমুনা দাস নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেহটি দেখতে পান। মৃতার মাথায় আঘাতের গভীর চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছিল, ভারী কোনও বস্তুর আঘাতে তাঁকে খুন করা হয়েছে। এর পরেই পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তে নেমে বেরিয়ে আসে আসল সত্য—খুনি আর কেউ নন, স্বয়ং মৃতার দাদা বিপ্লব দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি যমুনার একটি প্রণয়ঘটিত সম্পর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলত। অভিযুক্ত দাদা বিপ্লব বারবার বোনকে ওই সম্পর্ক থেকে সরে আসার জন্য চাপ দিলেও যমুনা তাতে রাজি হননি। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ভাই-বোনের মধ্যে এই নিয়েই ফের বচসা শুরু হয়।
অভিযোগ, কথা না শোনায় ক্ষিপ্ত হয়ে রাস্তায় লোহার রড দিয়ে সজোরে বোনের মাথায় আঘাত করেন বিপ্লব। এর পর গুরুতর জখম অবস্থায় যমুনাকে ফেলে রেখেই পালিয়ে যান তিনি। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। শনিবার আসাম সীমান্ত এলাকা থেকে বিপ্লব দাসকে পাকড়াও করে কোচবিহার জেলা পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
