প্লাস্টিকের চটি নয় এবার জুটবে চামড়ার জুতো! প্লাবিত পথে দাঁড়িয়ে হাওড়াবাসীকে আশ্বাস রুদ্রনীলের – এবেলা

প্লাস্টিকের চটি নয় এবার জুটবে চামড়ার জুতো! প্লাবিত পথে দাঁড়িয়ে হাওড়াবাসীকে আশ্বাস রুদ্রনীলের – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃহস্পতিবারের মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাওড়ার জগাছা সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নর্দমার নোংরা জল উপচে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিবপুরের ৪৭ নম্বর ওয়ার্ডের চ্যাংড়াজলা এলাকার বাসিন্দারা। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালেই প্যান্ট গুটিয়ে জলমগ্ন এলাকায় পৌঁছন বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কমিশনার ও পদস্থ ইঞ্জিনিয়াররা। নিচু এলাকা হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমার এই দীর্ঘস্থায়ী সমস্যা নিয়ে বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। নর্দমার জল রাস্তায় উঠে আসায় সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

পূর্বতন সরকারের দিকে আঙুল ও ভবিষ্যৎ পরিকল্পনা

বাসিন্দাদের অভিযোগ শুনে জল জমার এই সমস্যার জন্য পূর্বতন সরকারের দীর্ঘ ১৫ বছরের অপরিকল্পিত ব্যবস্থা ও দুর্নীতিকেই সরাসরি দায়ী করেন রুদ্রনীল ঘোষ। তিনি জানান, অপরিকল্পিত পুর-বন্দোবস্তের কারণেই আজ হাওড়াবাসীকে এই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বর্তমান বিজেপি সরকারের উদ্যোগে ৪ হাজার ৭০০ কোটি টাকার একটি বিশাল নিকাশি প্রকল্প ইতিমধ্যেই পাস হয়েছে বলে জানান তিনি। এই প্রকল্পের ফলে আগামী তিন বছরের মধ্যে হাওড়ার নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা বাস্তবায়িত হলে জমা জলের সমস্যার চিরস্থায়ী সমাধান হতে পারে। বিধায়কের আশ্বাস, ম্যাজিক না হলেও ধাপে ধাপে এই সমস্যার সমাধান হবে এবং আগামীতে হাওড়ার মানুষকে আর কাদা-জলে প্লাস্টিকের চটি পায়ে হাঁটতে হবে না, তাঁরা নিশ্চিন্তে চামড়ার জুতো পরতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *