ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের অবৈধ কাঠামো সরাতে কড়া নির্দেশ হাইকোর্টের – এবেলা

ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের অবৈধ কাঠামো সরাতে কড়া নির্দেশ হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

ফলতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের অব্যবহৃত অস্থায়ী কাঠামো অবিলম্বে সরিয়ে ফেলার মৌখিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, এই কাঠামো অপসারণের সম্পূর্ণ খরচ শাসকদলকেই বহন করতে হবে।

স্থানীয় এক বাসিন্দা তথা পেশায় আইনজীবী আমিনুদ্দিন খানের দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ। মামলাকারীর মূল অভিযোগ ছিল, ফলতার বিডিও অফিসের পাশের একটি খেলার মাঠ ও পার্ক জবরদখল করে ওই অস্থায়ী নির্মাণটি গড়ে তোলা হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে সেখানে কোনো স্বাস্থ্য ক্যাম্প না হলেও বিশাল আকারের টিনের শেড ও কাঠামো ফেলে রাখা হয়েছে। এর জেরে মাঠটি খেলাধুলো বা সামাজিক অনুষ্ঠানের অনুপযুক্ত হয়ে পড়েছে, যা স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের চরম অসুবিধায় ফেলছে।

শুনানিকালে মামলাকারীর আইনজীবী নন্দিনী মিত্র জানান, পার্কটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে বারবার আবেদন করা হলেও কোনো সুরাহা মেলেনি। এরপরই রাজ্য প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করে আদালত জানায়, অবিলম্বে ওই অবৈধ কাঠামো সরিয়ে ফেলতে হবে এবং এর সমস্ত খরচ নির্মাণকারী পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আদালতের এই নির্দেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *