ফুঁসছে গভীর নিম্নচাপ! আজ কোন কোন জেলায় নামবে বৃষ্টির চরম তাণ্ডব? – এবেলা
/indian-express-bangla/media/media_files/2024/10/24/pJE0jtGOYu9HciCFGYOt.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হওয়ায় রাজ্যজুড়ে শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এর সরাসরি প্রভাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শুক্রবার দিনভর দফায় দফায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও চলছে ভারী বর্ষণ। উপকূলের দুই জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি এই প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পাহাড়ি জেলা দার্জিলিঙে আজ তুমুল বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দিনভর দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে উপকূল ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। আগামী কাল শনিবারও উপকূলীয় অঞ্চলে এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
