ফেনসিডিল পাচারের কোটি কোটি টাকা! মালদহে তৃণমূলনেতা-ঘনিষ্ঠের ফ্ল্যাটে নোটের পাহাড়, গ্রেফতার ৩ – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদহ: বীরভূমের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মালদহে উদ্ধার হলো নগদ কোটি কোটি টাকা ও সোনা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মালদহ থানা এলাকার মঙ্গলবাড়ির একটি ফ্ল্যাটে যৌথ অভিযান চালায় মালদহ ও দক্ষিণ দিনাজপুর পুলিশ। তল্লাশিতে তৃণমূল নেতা-ঘনিষ্ঠের ওই ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় আড়াই কোটি টাকার নগদ নোটের বান্ডিল, ২০ গ্রাম সোনা এবং ল্যাপটপ। নোট গোনার যন্ত্র এনে রাতভর তল্লাশি চালানোর পর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলো সুশান্ত হালদার, পিন্টু সরকার ও গোপাল চাকি—তিনজনেই মালদহের বাসিন্দা। সোমবার ভোরে খইহট্টা এলাকার একটি গুদামঘর থেকেও বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, বাংলাদেশ সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ (ফেনসিডিল) পাচার করেই এই বিপুল সম্পত্তির পাহাড় গড়ে তোলা হয়েছিল।
তদন্তের মূল সূত্রপাত: গত জুলাই মাসে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়া থেকে ১৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপসহ চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের হেফাজতে নিয়ে জেরা করতেই মালদহের এই ফ্ল্যাটটির নাম উঠে আসে। রবিবার রাতে তদন্তকারী দল অভিযুক্তদের সাথে নিয়ে ওই ভবনে অভিযান চালায়।
যে ফ্ল্যাটে অভিযান চালানো হয়, তার মালিক দিলীপ সাহা। তবে তিনতলার ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন পিন্টু সরকার, যার একটি ওষুধের ব্যবসা রয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নগদের কোনো বৈধ হিসাব অভিযুক্তরা দিতে পারেনি। সীমান্তজুড়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সাথে এত টাকার সরাসরি যোগসূত্র মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।
