ফ্রি স্কুল স্ট্রিটের দুধকাণ্ড ভুলে শিয়ালদহের আগুন নিয়ে মুখ খুলুন! কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ পুরমন্ত্রীর – এবেলা
.jpeg.webp?ssl=1)
এবেলা ডেস্কঃ
শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরই ফুটপাথ দখল ও শহরের নিরাপত্তা নিয়ে সুর চড়ালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি ফ্রি স্কুল স্ট্রিটে ফুটপাথে উনুন জ্বেলে দুধ গরম করার ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় মন্ত্রীর পদক্ষেপ নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন সুধী সমাজ ও বিরোধীরা। এবার সেই প্রসঙ্গ টেনে মন্ত্রীর প্রশ্ন, যাঁরা সেদিন দুধ গরম করা নিয়ে হইচই করেছিলেন, তাঁরা আজ শিয়ালদহের এই ভয়ংকর অগ্নিকাণ্ডের দায় নেবেন কি না।
কলকাতার একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার জন্য ঘিঞ্জি ফুটপাথ ও অবাধ হকার রাজকেই কাঠগড়ায় তুলেছেন পুরমন্ত্রী। সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই ফুটপাথে পথচারীদের চলাচলের পর্যাপ্ত জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নিয়ম ভেঙে খোলা স্টোভ বা গ্যাস জ্বেলে রান্নার বিপজ্জনক প্রবণতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানিয়েছেন, শহরের শৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তায় সরকার কোনওভাবেই আপস করবে না।
