বড় খবর স্কুলে! বদলে যাচ্ছে ১ম থেকে ১২ শ্রেণির সিলেবাস, জানেন কবে আসছে নতুন বই? – এবেলা

বড় খবর স্কুলে! বদলে যাচ্ছে ১ম থেকে ১২ শ্রেণির সিলেবাস, জানেন কবে আসছে নতুন বই? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের স্কুল শিক্ষার মান উন্নত করতে এবং পড়ুয়াদের পাঠ্যক্রমের বোঝা কমাতে বড় পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাস ও পাঠ্যবই নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সিলেবাস কমিটি। মূল লক্ষ্য হলো—মুখস্থ বিদ্যার ইতি টেনে বিষয়বস্তু বুঝে শেখার মানসিকতা তৈরি করা এবং প্রাইভেট টিউশনের ওপর নির্ভরতা কমানো। এই পরিবর্তনের অংশ হিসেবে চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে তিন দিনের একটি বিশেষ আবাসিক কর্মশালার আয়োজন করা হচ্ছে। সেখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষজ্ঞ শিক্ষক ও শিক্ষাবিদরা নতুন রূপরেখা ও খসড়া রিপোর্ট তৈরিতে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন।

জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সংশোধন করা হলেও বইয়ের মূল কাঠামোয় বিশাল কোনো পরিবর্তন আনা হবে না। আগামী শিক্ষাবর্ষের শুরুতেই যাতে সব পড়ুয়ার হাতে বই পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে দ্রত গতিতে কাজ এগোচ্ছে। সময়সীমা অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই সংশোধিত পাঠ্যবই ছাপতে পাঠানোর পরিকল্পনা রয়েছে, যাতে ১ ডিসেম্বরের মধ্যে ছাপার কাজ শেষ হয়। আগামী বছরের ২ জানুয়ারির আগেই রাজ্যের প্রতিটি স্কুলে নতুন বই পৌঁছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে শিক্ষা দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *