বন্ধ ঘর ছাড়িয়ে গাড়ির চাকায় কূটনীতি! পুতিনকে ‘তিরুক্কুরাল’ উপহার মোদির – এবেলা

এবেলা ডেস্কঃ
September 12, 20269:33 am
বন্ধ দরজার ওপার বা শীতাতপনিয়ন্ত্রিত ঘরের বাঁধাধরা বৈঠক নয়— ফের একবার কূটনৈতিক চেনা ছক ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে ব্রিকস (BRICS) সম্মেলনের আবহে আরও একবার বিশ্ব সাক্ষী থাকল দুই নেতার গভীর বন্ধুত্ব ও অনন্য ‘কারপ্লোমেসি’র।
দ্বিপাক্ষিক আলোচনা শেষে প্রেসিডেন্ট পুতিনের বিশেষ বিলাসবহুল গাড়ি ‘অরাস সেনাট লিম্যুজিন’-এ (Aurus Senat Limousine) চেপেই ভারত মণ্ডপমের উদ্দেশ্যে রওনা দেন দুই রাষ্ট্রপ্রধান। এর আগে চিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকেও মোদিকে একইভাবে পুতিনের গাড়িতে চড়ে যাতায়াত করতে দেখা গিয়েছিল।
বৈঠকের শুরুতেই দুই দেশের সাংস্কৃতিক ও আত্মিক সম্পর্ককে নতুন মাত্রা দেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি পুতিনের হাতে তুলে দেন প্রাচীন তামিল কবি তিরুভল্লুভারের কালজয়ী সৃষ্টি ‘তিরুক্কুরাল’-এর একটি রুশ অনুবাদ। প্রধানমন্ত্রী জানান, প্রায় দুই হাজার বছরের প্রাচীন এই কালজয়ী দর্শন রাশিয়ান ভাষায় পৌঁছানোর ফলে দুই দেশের সাধারণ মানুষের মানসিক ও সাংস্কৃতিক দূরত্ব আরও কমবে।
সৌজন্য বিনিময়ের পর মূল বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। পররাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, পরমাণু সহযোগিতা, শক্তি উৎপাদন এবং প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাশিয়া যেহেতু ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, অন্যতম সামরিক সরঞ্জাম সরবরাহকারী এবং জ্বালানি তেলের প্রধান উৎস, তাই চার দেয়ালের বাইরে দুই বিশ্বনেতার এই বিশেষ সফর আন্তর্জাতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।
