‘বাংলাদেশের জেন-জি আন্দোলন আমাদের পথ দেখিয়েছে’, মন্তব্য করে বিজেপির তীব্র আক্রমণের মুখে বাম নেত্রী নেহা বোরা – এবেলা

‘বাংলাদেশের জেন-জি আন্দোলন আমাদের পথ দেখিয়েছে’, মন্তব্য করে বিজেপির তীব্র আক্রমণের মুখে বাম নেত্রী নেহা বোরা – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে ভারতের জেন-জি (Gen-Z) আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে তুলে ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর নেত্রী নেহা বোরা। তাঁর একটি বিতর্কিত মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ফুঁসে উঠেছে ভারতীয় জনতা পার্টি (BJP)।

গত ১৪ অক্টোবর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (Socialist Students’ Front – SSF) ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে একটি ভিডিও বার্তা পাঠান নেহা বোরা। সেই ভিডিওতেই বাংলাদেশের আন্দোলনের ভূয়সী প্রশংসা করতে শোনা যায় তাঁকে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের তরুণদের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

ভিডিও বার্তায় ঠিক কী বলেছেন নেহা বোরা?

ভাইরাল হওয়া ওই ভিডিও বার্তায় বাংলাদেশের ছাত্র সংগঠনকে অভিনন্দন জানিয়ে নেহা বোরা বলেন, বাংলাদেশ তাঁদের বিপ্লবের পথ দেখিয়েছে এবং তাঁর সংগঠন এই আন্দোলন থেকে অনুপ্রেরণা নিচ্ছে। তাঁর বক্তব্য, বাংলাদেশে যে লড়াই চলছে, ভারতের ছাত্রছাত্রী ও যুবসমাজও নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ঠিক একই ধরনের লড়াইয়ে সামিল হয়েছেন। দুই দেশের তরুণদের একসঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, ভারত ও বাংলাদেশের তরুণ প্রজন্ম মিলে আরও একটি সুন্দর দক্ষিণ এশিয়া এবং পৃথিবী গড়ে তুলতে পারবে।

প্রসঙ্গত, বাংলাদেশের গত জুলাই অভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দীর্ঘ ওই আন্দোলনের পথ ধরেই পতন ঘটেছিল শেখ হাসিনার সরকারের।

বিজেপির কড়া আক্রমণ

নেহা বোরার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি এই ঘটনায় সরাসরি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করেছেন। প্রদীপ ভান্ডারির দাবি, নেহা বোরা হলেন রাহুল গান্ধীর “পোস্টার গার্ল”। তাঁর মতে, বাংলাদেশের শাসন পরিবর্তনের আন্দোলন থেকে ভারতের তরুণদের অনুপ্রাণিত হওয়ার কথা বলে নেহা স্পষ্ট করে দিয়েছেন যে, রাহুল গান্ধীর এই লড়াই কেবল রাজনৈতিক নয়, বরং এর মূল উদ্দেশ্য দেশের শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো এবং ভারতেও বাংলাদেশের মতো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।

নেহার এই ভাইরাল ভিডিও বার্তা এবং তার প্রেক্ষিতে বিজেপির পাল্টা আক্রমণ বর্তমানে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *