বাতাস পরিষ্কার হতেই পুড়ছে ইউরোপ? পরিবেশের স্বচ্ছতাই কি তীব্র গরমের আসল কারণ? – এবেলা

এবেলা ডেস্কঃ
ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রতি জেঁকে বসা প্রচণ্ড গরমের নেপথ্যে রয়েছে পরিবেশের স্বচ্ছতা! অবাক লাগলেও এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। সাধারণত বায়ুদূষণ ও গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হলেও, বাতাসে ভাসমান ক্ষুদ্র কণা বা ‘অ্যারোসল’ সূর্যের তাপকে কিছুটা রুখে দেয়। ইউরোপের দেশগুলো দূষণ কমিয়ে ফেলায় মেঘমুক্ত ঝকঝকে নীল আকাশ দেখা মিলছে, যা কোনো বাধা ছাড়াই সূর্যের তাপ সোজা ভূপৃষ্ঠে নামিয়ে আনছে। ফলে সেখানে মাত্রাতিরিক্ত গরম ও বৃষ্টির ঘাটতি দেখা দিচ্ছে বলে গবেষকদের ধারণা।
তবে আবহাওয়া দপ্তর ও পরিবেশবিদদের মতে, শুধুমাত্র এই কারণেই তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়েনি, এর পেছনে উষ্ণ বাতাস প্রবাহের মতো অন্যান্য কারণও সক্রিয় রয়েছে। বাতাসে ভাসমান কণা একদিকে যেমন সূর্যালোক আংশিক ফেরাতে সাহায্য করে, তেমনই আবার রাতের বেলা ভূপৃষ্ঠ থেকে তাপের বিকরণে বাধা সৃষ্টি করে সর্বনিম্ন তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। সবমিলিয়ে, পরিবেশের পরিচ্ছন্নতা এবং দূষণের সূক্ষ্ম কণার এই দ্বিমুখী প্রভাবে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।
