‘বাবা দাঁড়াও’ বলতেই থামল কনভয়! ষাটোর্দ্ধ বৃদ্ধার আকুতি শুনে যা করলেন মুখ্যমন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ
মধ্যমগ্রামের যশোর রোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে ৬৮ বছরের স্বপ্না দাস ‘বাবা, দাঁড়াও’ বলে ডাক দিলে কর্তব্যরত পুলিশ তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সময় গাড়ি থামিয়ে মুখ্যমন্ত্রী নিজে তাঁকে কাছে ডেকে নেন। গাড়িটির কাছে পৌঁছে বৃদ্ধা দু’হাতে মুখ্যমন্ত্রীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন এবং জানান যে, তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করলেও কোনো আর্থিক সহায়তা পাননি। তাঁর বয়স ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার পরিবর্তে তাঁকে বার্ধক্য ভাতা দেওয়ার তাৎক্ষণিক আশ্বাস দেন।
সোমবার মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনা মহিলা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের ৩৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে এই ঘটনা ঘটে। আমন্ত্রণপত্র না থাকায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না পেরে স্বপ্নাদেবী রাস্তার ধারে অপেক্ষা করছিলেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জেলাশাসককে তাঁর নাম ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় বারো বছর আগে স্বামীহারা স্বপ্নাদেবীর একমাত্র ছেলে অসুস্থ ও কর্মহীন হওয়ায় আত্মীয়দের সহায়তায় সংসার চলে। মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়ে এবং তাঁর আশীর্বাদ করতে পেরে আপ্লুত বৃদ্ধা সংবাদমাধ্যমের কাছে নিজের সন্তোষ প্রকাশ করেছেন।
