বামনগাছির খালে মিলল গলাকাটা পচাগলা দেহ! কার এই মৃতদেহ? – এবেলা

এবেলা ডেস্কঃ
বারাসাতের বামনগাছি এলাকায় খাল পরিষ্কারের সময় উদ্ধার হলো এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ। শনিবার সকালে জেসিবি দিয়ে খাল পরিষ্কারের কাজ চলাকালীন শ্রমিকরা দেহটি দেখতে পান। স্থানীয়দের প্রাথমিক অনুমান, দেহটি প্রায় দু’মাস ধরে খালের কাদামাটিতে চাপা পড়ে ছিল, যে কারণে তা শনাক্ত করা আসাম্ভব হয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে বামনগাছি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতা দেবাশিস বিশ্বাসের অভিযোগ, ওই ব্যক্তিকে গলা কেটে খুন করে খালে ফেলে দেওয়া হয়েছে। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহটির পরিচয় জানার পাশাপাশি হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এলাকাটিতে দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ার বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।
