বিক্ষোভে চরম উত্তপ্ত দিল্লি! ১০০টি অ্যাকাউন্ট ব্লক পুলিশের, নামছে আরও হাজার হাজার জওয়ান – এবেলা

এবেলা ডেস্কঃ
ভোটার তালিকা সংশোধন বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় কড়া পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। আন্দোলন চলাকালীন উসকানিমূলক পোস্ট, ভুয়ো তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের অভিযোগে প্রায় ১০০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২৭৩ কো ম্পা নি মোতায়েনের মেয়াদ আগামী ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে। পরিস্থিতি আরও সুসংহত করতে দিল্লিতে খুব শীঘ্রই নতুন করে অতিরিক্ত ২৮০০ জওয়ান মোতায়েন করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অন্যদিকে, আন্দোলনের স্থান নির্ধারণ নিয়ে দিল্লি পুলিশ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংঘাত চরমে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবাদের বিকল্প স্থান ও সময় না জানালে বড় পদক্ষেপের আলটিমেটাম দিয়েছে সিজেপি। তবে পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, যন্তর মন্তরে আর বিক্ষোভ দেখানো যাবে না। বিকল্প স্থান হিসেবে রামলীলা ময়দানের কথা উঠলেও সেখানে দৈনিক বিপুল খরচ ও বুকিং জটিলতার কারণে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। সিজেপি নেতা অভিজিতের হুঁশিয়ারি, যন্তর মন্তরে প্রতিবাদ করতে না দেওয়া হলে গোটা দেশকেই প্রতিবাদস্থলে পরিণত করা হবে।
