বিধানসভায় বিরোধী দলনেতা কে? হাইকোর্টের রায়ে আপাতত স্বস্তিতে ঋতব্রত! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বাছাই সংক্রান্ত মামলায় অধ্যক্ষের সিদ্ধান্তে এখনই কোনো ধরনের হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে আপাতত নিজের আসনেই বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী দুই মাসের মধ্যে বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চকে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে। এর আগে পর্যন্ত স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তই বহাল থাকবে। তবে ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে অধ্যক্ষের এই সিদ্ধান্তটি সম্পূর্ণ অস্থায়ী প্রকৃতির।
উল্লেখ্য, সরকার গঠনের পর থেকেই বিরোধী দলনেতা পদ নিয়ে শাসক শিবিরের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। স্পিকারের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট শিবির। দীর্ঘ শুনানির পর আদালত মামলাটি একক বেঞ্চে ফিরিয়ে দিলেও এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি। রাজনৈতিক মহলের ধারণা, এই মামলার চূড়ান্ত ফয়সালার জন্য শেষ পর্যন্ত আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। আইনি এই জটিলতার মধ্যেই বিরোধী দলের ভূমিকা ও রাজনৈতিক অবস্থান নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
