বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত বাংলার ৫ হেভিওয়েট তৃণমূলের চার ও বিজেপির এক প্রার্থীর হাতে উঠল জয়ের শংসাপত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যসভা নির্বাচনে বাংলা থেকে প্রত্যাশিত জয় পেলেন শাসক ও বিরোধী শিবিরের প্রার্থীরা। কোনো প্রতিদ্বন্দ্বিতা না হওয়ায় সোমবার বিধানসভা থেকে নিজেদের জয়ের শংসাপত্র গ্রহণ করলেন নবনির্বাচিত পাঁচ সাংসদ। বিধানসভায় বিধায়ক সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেসের চারজন এবং বিজেপির একজন প্রার্থীর জয় আগে থেকেই নিশ্চিত ছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় এবং অন্য কোনো প্রার্থী ময়দানে না থাকায় কোনো ভোটাভুটির প্রয়োজন হয়নি। এদিন রিটার্নিং অফিসারের কাছ থেকে সাংসদ পদের সার্টিফিকেট গ্রহণ করেন তৃণমূলের বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক ও রাজীব কুমার। তবে তৃণমূলের অপর জয়ী প্রার্থী মানেকা গুরুস্বামী দিল্লিতে থাকায় তাঁর পক্ষে শংসাপত্র গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
অন্যদিকে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ পদের শংসাপত্র হাতে পেলেন রাহুল সিনহা। তাঁর মনোনয়নপত্রে কিছু প্রযুক্তিগত ত্রুটি নিয়ে চর্চা হলেও শেষ পর্যন্ত সোমবার বিধানসভা থেকে তিনি জয়ের সার্টিফিকেট গ্রহণ করেন। শংসাপত্র নেওয়ার পর রাহুল সিনহাকে অভিনন্দন জানান তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়। সংসদের উচ্চকক্ষে বাংলার প্রতিনিধি হিসেবে এবার এই পাঁচজনই দায়িত্ব সামলাবেন।

