বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হলেন জয় শাহ। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি দ্বিতীয়বারের জন্য এই দায়িত্ব পেলেন। ২০২৪ সালের ডিসেম্বরে আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। এবার ২০২৬ সালের মেয়াদেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে জয়ী হলেন।

জয় শাহের ক্রিকেট প্রশাসনিক ক্যারিয়ার শুরু হয় ২০০৯ সালে আমেদাবাদের সেন্ট্রাল বোর্ড অফ ক্রিকেটের নির্বাহী সদস্য হিসেবে। ২০১৩ সালে তিনি গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হন। তাঁর তত্ত্বাবধানেই বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। ২০১৫ সালে তিনি বিসিসিআই-এর অর্থ ও বিপণন কমিটিতে যোগ দেন এবং ২০১৯ সালে মাত্র ৩১ বছর বয়সে সর্বকনিষ্ঠ সচিব হিসেবে নির্বাচিত হন।

বিসিসিআই সচিব থাকাকালীন কোভিড পরিস্থিতির মধ্যে সফলভাবে আইপিএল আয়োজন, রেকর্ড মূল্যে আইপিএল মিডিয়া স্বত্ব চুক্তি এবং উইমেন্স প্রিমিয়ার লিগ চালুর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। এছাড়া পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান ম্যাচ ফি প্রদানের বিষয়টিও তাঁর উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হয়।

জাতীয় স্তরের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন। বর্তমানে আইসিসির শীর্ষ পদে তাঁর এই পুনর্নির্বাচন ক্রিকেট প্রশাসনে তাঁর ক্রমবর্ধমান গুরুত্বকেই তুলে ধরছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *