বাইকের ধাক্কায় প্রয়াত বিজেপি নেতা চিত্তরঞ্জন মণ্ডল, শোকের ছায়া অশোকনগরে

বাইকের ধাক্কায় প্রয়াত বিজেপি নেতা চিত্তরঞ্জন মণ্ডল, শোকের ছায়া অশোকনগরে

বাইকের ধাক্কায় গুরুতর আহত বিজেপি নেতা চিত্তরঞ্জন মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার রাতে তার মৃত্যু হয়। রবিবার রাতে তার মরদেহ অশোকনগরে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি হাবরা শ্রীচৈতন্য কলেজে সরকারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং কলেজের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

চিত্তরঞ্জন মণ্ডলের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনের হাত ধরে। বামেদের টিকিটে তিনি অশোকনগর কল্যাণগড় পুরসভায় তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তিনি সক্রিয় ছিলেন।

রবিবার অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ ভিড় করেন। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত এই নেতার প্রয়াণে এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। রবিবার রাতেই হাবড়ার মুক্তি ধাম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *