বিপজ্জনক পথকুকুরদের নিষ্কৃতি মৃত্যু! সুপ্রিম কোর্টের রায়ের পরই বড় পদক্ষেপ কেরল প্রশাসনের – এবেলা

এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে বিপজ্জনক ও রেবিস আক্রান্ত পথকুকুরদের মার্সি কিলিং বা নিষ্কৃতি মৃত্যু দেওয়ার বিষয়ে বড় পদক্ষেপ করল কেরল সরকার। সম্প্রতি কেরলের প্রাণীসম্পদ বিকাশ বিভাগ এই সংক্রান্ত একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা খসড়া নীতি প্রস্তুত করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো পুরসভা এককভাবে এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এর জন্য স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, পশু চিকিৎসক এবং পশুকল্যাণ সংস্থার সদস্যদের নিয়ে একটি বিশেষ ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে। এই কমিটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
খসড়া নীতিতে একটি পথকুকুরকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার সুনির্দিষ্ট শর্ত বেঁধে দেওয়া হয়েছে। কোনো কুকুর বিনা উসকানিতে কোনো মানুষ বা দুটির বেশি গবাদি পশুকে আক্রমণ করলেই কেবল তাকে বিপজ্জনক বলা যাবে। স্রেফ মৌখিক অভিযোগে কোনো পদক্ষেপ করা হবে না। এছাড়া চিকিৎসাগত পদ্ধতি মেনে সোডিয়াম পেন্টোবারবিটাল ও থায়োপেন্টাল সোডিয়াম শিরায় প্রয়োগ করে এই কুকুরদের নিষ্কৃতি মৃত্যু দেওয়া হবে, যাতে তাদের কোনো অতিরিক্ত যন্ত্রণা না হয়। গত মে মাসের শীর্ষ আদালতের রায় মেনেই এই রূপরেখা তৈরি করা হয়েছে।
