বিভূতি এক্সপ্রেসে হাড়হিম করা ঘটনা! ট্রেনের ছাদ থেকে ইঞ্জিনে ছিটকে পড়লেন যুবক

চলন্ত ট্রেনের জানালার রড ধরে ‘ফিল্মি কায়দায়’ বগির ছাদে উঠে পড়লেন এক যুবক। তারপরই হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই বিকট শব্দ এবং বীভৎস পরিণতি। শনিবার রাতে পানাগড় স্টেশনে ঢোকার মুখে বিভূতি এক্সপ্রেসে এই হাড়হিম করা ঘটনার সাক্ষী হলেন যাত্রীরা।
কী ঘটেছিল?
যাত্রীদের বয়ান অনুযায়ী, হাওড়া স্টেশন থেকেই ওই যুবক ট্রেনের সামনে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের বগিতে যাচ্ছিলেন। বর্ধমান স্টেশন পার করার পর থেকেই তাঁর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। গলসি স্টেশনের কাছে তিনি ট্রেনের গেটের সামনে চলে আসেন। এরপর পানাগড় স্টেশনে ঢোকার ঠিক আগে চলন্ত ট্রেনের জানালার রড বেয়ে হঠাতই ট্রেনের ছাদে উঠে পড়েন তিনি।
বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিপত্তি:
ট্রেনের ছাদে উঠে যুবকটি ইঞ্জিনের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই ঘটে বিপত্তি। বিকট শব্দে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি সরাসরি ইঞ্জিনের ওপর ছিটকে পড়েন। চালক ও যাত্রীদের তৎপরতায় তড়িঘড়ি ট্রেন থামানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রেন চলাচলে বিঘ্ন:
এই ঘটনার জেরে হাওড়া-দিল্লি মেইন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। বিভূতি এক্সপ্রেস পানাগড় স্টেশনে নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চালক ও রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্টেশনে উপস্থিত যাত্রীরা যুবকের এই ঝুঁকিপূর্ণ কাজ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। কেন ওই যুবক চলন্ত ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে রেল পুলিশ।
