বিমানবন্দরে পা রাখতেই হাতকড়া! অণ্ডালে ধরা পড়ল তৃণমূলের প্রাক্তন বিধায়কের ‘বাহুবলী’ ছেলে – এবেলা

বিমানবন্দরে পা রাখতেই হাতকড়া! অণ্ডালে ধরা পড়ল তৃণমূলের প্রাক্তন বিধায়কের ‘বাহুবলী’ ছেলে – এবেলা

এবেলা ডেস্কঃ

আসানসোল: ভিন রাজ্যে দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পরেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে আসানসোলের জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের বিতর্কিত পুত্র, এলাকায় ‘বাহুবলী’ বলে পরিচিত প্রেমপাল সিং। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অণ্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে জামুড়িয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে বেআইনি কয়লা ও বালি পাচার এবং অবৈধ সিন্ডিকেট চালানোর মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। শুক্রবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় মাস আগে (গত ১ জুলাই) জামুড়িয়ার বহুলা এলাকায় প্রাক্তন বিধায়কের বাড়ির কার্যালয়ে এক চমকপ্রদ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ECL) বেশ কিছু স্পর্শকাতর সরকারি নথিপত্র এবং ৮০ রাউন্ড ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়। একজন ব্যক্তির ব্যক্তিগত কার্যালয়ে কীভাবে সরকারি কোল কো ম্পা নির গোপন নথি পৌঁছাল এবং এত বিপুল পরিমাণ কার্তুজ কী উদ্দেশ্যে জমা করা হয়েছিল—তা নিয়ে সেই সময় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

পলাতক জীবন ও বিতর্কের ইতিহাস: ১ জুলাইয়ের সেই পুলিশি অভিযানের পর থেকেই গ্রেফতারির আশঙ্কায় গা ঢাকা দিয়েছিল প্রেমপাল। স্থানীয় এলাকায় ‘বাহুবলী’ হিসেবে পরিচিত প্রেমপালের বিতর্কিত কর্মকাণ্ড অবশ্য নতুন নয়। অভিযোগ, বাবার বিধায়ক পদকে কাজে লাগিয়ে একসময় নিজের গাড়িতে লালবাতি ও হুটার বাজিয়ে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করত সে। একের পর এক মারাত্মক অভিযোগ ওঠায় নির্বাচনের আগে দলীয় নেতৃত্বের কড়া সতর্কবার্তার মুখেও পড়তে হয়েছিল তৎকালীন বিধায়ক হরেরাম সিংকে।

তবে দলীয় সতর্কবার্তার পরও যে তার বেআইনি সিন্ডিকেট রাজত্ব থামেনি, দেড় মাস আগের সেই অভিযানে উদ্ধার হওয়া নথি ও কার্তুজই তার প্রমাণ। সম্প্রতি ভিন রাজ্য থেকে অণ্ডাল বিমানবন্দরে সে ফিরছে—এমন গোপন খবর পেতেই জাল বিছায় জামুড়িয়া থানার বিশেষ তদন্তকারী দল এবং বিমানবন্দর চত্বর থেকেই তাকে পাকড়াও করে।

পুলিশ জানিয়েছে, প্রেমপালকে নিজেদের হেফাজতে নিয়ে এই বেআইনি সিন্ডিকেট ও কয়লা সংস্থার নথি পাচার চক্রের পেছনে আর কে কে যুক্ত রয়েছে, তা বের করতে জোড়দার জিজ্ঞাসাবাদ চালানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *