বিয়ের দশ মাসের মাথায় এনআরএসের নার্সের রহস্যমৃত্যু! স্বামীর বক্তব্যে অসংগতি মেলায় বাড়ছে ধোঁয়াশা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক নার্সের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের ৩০ বছর বয়সি ওই নার্সের সঙ্গে একটি ম্যাট্রিমনিয়াল সাইটে গাজিয়াবাদের এক যুবকের পরিচয় হয়েছিল। দীর্ঘ সাত-আট মাস যোগাযোগের পর ২০২৩ সালে আইনি এবং পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে তাঁদের সামাজিক বিয়ে হয়। বিয়ের পর দমদমে ভাড়া থাকতেন দম্পতি। মৃত্যুর ঠিক আগে স্বামীর সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল তাঁর, যেখানে কলকাতায় প্রবল বৃষ্টির কারণে জল জমার কথা জানিয়েছিলেন তিনি।
তবে এর পরেই এই আকস্মিক মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, মৃতার স্বামীর দেওয়া বক্তব্যে বেশ কিছু অসংগতি মিলেছে, যার ফলে এটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার সত্যতা যাচাই করতে এবং তদন্তের স্বার্থে মোবাইল ফোন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, নার্সের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে এনআরএস হাসপাতাল ও রাজ্য স্বাস্থ্যদপ্তর একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে। ফরেনসিক বিভাগ ও নার্সিং সুপারিডেন্টসহ গঠিত এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
