‘বিশ্বমানের’ পর্যটন হাব হবে ডুয়ার্স! ২ অক্টোবরেই বক্সায় আসছে রয়্যাল বেঙ্গল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
September 22, 20268:05 pm
বিশ্ব গন্ডার দিবস ও করম পরবের আবহেই উত্তরবঙ্গের বন্যপ্রাণ রক্ষা, পর্যটন শিল্পের বিকাশ এবং চা বলয়ের রূপান্তরে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যকে কেন্দ্র করে রাজ্য বন দফতর আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, আগামী এক বছরের মধ্যে আলিপুরদুয়ার, তরাই ও ডুয়ার্সকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র (World Tourist Destination) হিসেবে গড়ে তুলবে তাঁর সরকার।
বক্সায় বাঘ ও চোরাশিকার রোখার শপথ অনুষ্ঠানে চোরাশিকারীদের থেকে বাজেয়াপ্ত করা বন্যপ্রাণীর মূল্যবান চামড়া ও সরঞ্জাম আগুনে ভস্মীভূত করা হয়। বন্যপ্রাণ রক্ষায় কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রকৃতি, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের যৌথ অঙ্গীকার। চোরাশিকার রোখার পাশাপাশি বন্যপ্রাণীদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।” একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী ২ অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়ার বিশেষ কর্মসূচিতে তিনি স্বয়ং উপস্থিত থাকবেন।
চা শ্রমিক ও টোটোপাড়ার জন্য বড় পদক্ষেপ উত্তরবঙ্গের চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান:
- দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি দ্রুত খোলা হবে।
- চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার ব্যবস্থা করা হবে।
- চা বলয়ের স্থায়ী বাসিন্দাদের বসতজমির মালিকানা (পাট্টা) দেওয়া হবে।
- বিশেষ জনজাতি অধ্যুষিত টোটোপাড়ায় অনতিবিলম্বে ১,২০০টি নতুন বাড়ি তৈরির জন্য জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
জনগণের প্রতি কৃতজ্ঞতা বক্তব্যের একটি অংশে আলিপুরদুয়ার ও পাহাড়ের মানুষের রাজনৈতিক সমর্থনের কথা স্মরণ করে আবেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অতীত নির্বাচনগুলিতে ধারাবাহিক সমর্থনের জন্য উত্তরবঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও এলাকার সার্বিক বিকাশই তাঁর প্রশাসনের মূল অগ্রাধিকার।
