‘বেঁচে থাকলে ৩১-এ সুদে-আসলে মেটাব!’ অফিস ভাঙতেই চরম হুঁশিয়ারি অভিষেকের – এবেলা
/indian-express-bangla/media/media_files/2025/02/13/WddvlZyYMVX6YrChvYbD.jpg)
এবেলা ডেস্কঃ
কলকাতা: আমতলায় নিজের পাঁচতলা পার্টি অফিসে বুলডোজার চালানোর পর এবার কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগীদের আক্রমণ এবং অফিস ভাঙা— কোনো কিছুতেই যে তিনি মাথা নোয়াতে রাজি নন, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা স্পষ্ট বুঝিয়ে দিলেন এই তৃণমূল (মমতাপন্থী) সাংসদ। নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করিয়ে তাঁর কড়া বার্তা, “প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঈশ্বরের আশীর্বাদে বেঁচে থাকলে ৩১-এ সুদ সমেত সব ফিরিয়ে দেব।”
দলত্যাগীদের চরম চ্যালেঞ্জ মদন মিত্র, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা ইদানীং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়ে অভিষেকের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন। দলের হারের দায় তাঁর ওপর চাপানো হচ্ছে। এই প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক এদিন বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “যাঁদের আমায় নিয়ে সমস্যা, তাঁদের বলছি— আপনাদের মধ্যে কেউ একজন দলে ফিরে আসুন, আমি ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব। আজ বা কাল যখন খুশি আসুন। কিন্তু এরা কেউ ফিরবে না।”
‘গালাগালি দেওয়ার ডিল হয়েছে’ দলবদলুদের নিশানা করে অভিষেক আরও বলেন, “আসলে ডিল হচ্ছে— ওদিকে যাও, অভিষেককে গালাগালি দাও, তাহলে তোমায় বাঁচিয়ে রাখব। ইডি-সিবিআই কেউ ধরবে না।”
‘ভয়ে পালাচ্ছে কেন?’ ইডি-র সমন পেয়ে শিবির বদল করা নেতাদের তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “একবার ইডি সমন পেতেই যদি কেউ ভয়ে দল ছাড়েন, তাঁকে আর কী বলব! আমার নামেও তো একগাদা এফআইআর আছে। ইডি, সিআইডি, পুলিশ ডাকলেই তো আমি হাজিরা দিই। ভয় পেয়ে তো পালিয়ে যাইনি! আপনারা কোনো অন্যায় না করলে ডাকলে হাজিরা দিন, ভয় কীসের?”
সব মিলিয়ে, প্রবল রাজনৈতিক চাপের মুখেও যে তিনি একবিন্দু জমি ছাড়তে রাজি নন, শনিবারের এই বিস্ফোরক মেজাজে তা বুঝিয়ে দিলেন অভিষেক।
