ব্যাট চলতেই সমালোচকদের জোর চড় সূর্যকুমারের, ফর্মে ফেরার ম্যাচেও কেন বিদ্ধ করলেন নিন্দুকদের? – এবেলা

ব্যাট চলতেই সমালোচকদের জোর চড় সূর্যকুমারের, ফর্মে ফেরার ম্যাচেও কেন বিদ্ধ করলেন নিন্দুকদের? – এবেলা

এবেলা ডেস্কঃ

চলতি আইপিএলে চেনা ছন্দে ছিলেন না সূর্যকুমার যাদব। তবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার ৪২ বলে ৬৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকা ব্যাটার। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো এই ইনিংসটি দলকে ৩০ রানে হার থেকে বাঁচাতে না পারলেও, নিজের চোট ও অফ ফর্ম নিয়ে চলা সমালোচনা আর চুপচাপ মেনে নেননি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ম্যাচ শেষে সমালোচকদের তীব্র কটাক্ষ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ‘স্কাই’।

কব্জির চোটের গুজব ও সূর্যকুমারের পাল্টা

পুরো মরসুম জুড়ে সূর্যকুমারের খারাপ ফর্মের পাশাপাশি তাঁর ফিটনেস, বিশেষ করে কব্জির চোট নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক জল্পনা চলছিল। এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে সূর্যকুমার বলেন, যারা তাঁর চোট নিয়ে কথা বলছেন, তাঁরা হয় খুব ভালো ফিজিও অথবা ক্রিকেটটাই বোঝেন না। তাঁর মতে, তাঁর ব্যাটিংয়ের ট্রেডমার্ক ফ্লিক শটগুলো সম্পূর্ণভাবে কব্জি এবং হাত-চোখের সমন্বয়ের ওপর নির্ভরশীল। কব্জিতে সত্যিই কোনো বড় সমস্যা থাকলে এই ধরনের শট খেলা আসাম্ভব হতো। অনর্থক এই গুজবগুলোকে তিনি নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় বলে এড়িয়ে যেতেই পছন্দ করেন।

ব্যর্থতা এবং আগামীর প্রভাব

চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়া এবং সূর্যকুমারের ধারাবাহিকতাহীনতা ক্রিকেট মহলে বড় আলোড়ন তৈরি করেছে। বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হওয়া কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে ট্রফি জেতানো অধিনায়কের এই অফ ফর্ম মোটেও ভালোভাবে নেয়নি ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএলে এই ভরাডুবির কারণে ইতিমধ্যেই জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এমনকি নতুন অধিনায়কের দাবিও তুলছেন অনেকে।

তবে অধিনায়ক হিসেবে নিজের প্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থা রাখছেন সূর্যকুমার। রান না পেলেও কঠোর পরিশ্রম বন্ধ করেননি জানিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, পারফরম্যান্স সবসময় হাতে থাকে না, কিন্তু পরিশ্রম থাকে। সফল না হলে আরও কঠোর পরিশ্রম করে ঘুরে দাঁড়ানোই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *