ব্রড পিকের ভয়াবহ তুষারধস, তিন দিন পর উদ্ধার ‘১৪ পিকস’ খ্যাত পর্বতরাজ নির্মল পূরজার দেহ! – এবেলা

এবেলা ডেস্কঃ
৮,০৫১ মিটার উচ্চতার ব্রড পিক অভিযানে গিয়ে প্রাণ হারালেন বিশ্বের অন্যতম খ্যাতনামা নেপালি পর্বতারোহী ও সাবেক ব্রিটিশ রয়্যাল ফোর্সের সদস্য নির্মল পূরজা। নেটফ্লিক্সের বিখ্যাত ডকুমেন্টারি ‘14 Peaks’-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই পর্বতারোহী গত বৃহস্পতিবার এক ভয়াবহ তুষারধসের মুখে পড়ে নিখোঁজ হয়েছিলেন। বিপর্যয়ের তিন দিন পর, রবিবার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় তাঁর নিথর দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
বিশ্বের একাধিক দেশের পর্বতারোহী ও শেরপাদের নিয়ে গঠিত এই অভিযানের দায়িত্বে ছিলেন নির্মল পূরজা নিজেই। গত বৃহস্পতিবার সকালে জিপিএস ট্র্যাকার সিগন্যাল অনুযায়ী আচমকা তুষারধস নামলে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে পুরো দলটি। সিগন্যালে দেখা যায়, তুষারধসের প্রচণ্ড ধাক্কায় মুহূর্তের মধ্যে শত শত মিটার নিচে ছিটকে পড়েন দলের আরোহীরা।
শুক্রবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু করার পর চার জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। এরপর রবিবার নির্মল পূরজার দেহ মিলল। অ্যালপাইন ক্লাব অফ পাকিস্তানের তথ্য অনুযায়ী, নির্মলের দেহের অদূরেই আরও তিনটি মরদেহ দেখতে পাওয়া গেছে, তবে তাঁদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বর্তমানে দেহগুলি জাজলজ ক্যাম্পে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে উদ্ধারকারী বাহিনী। এই দুর্ঘটনায় এখনও পাঁচজন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন, যাদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত।
