‘ভয়ের দিন শেষ’, শিলিগুড়িতে ন্যায় সংহিতা প্রদর্শনীর মঞ্চ থেকে গর্জে উঠলেন অমিত শাহ – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের পরিবর্তিত বিচারব্যবস্থা এবং সম্প্রতি চালু হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে শুরু হলো পাঁচ দিনব্যাপী মেগা ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’। শুক্রবার ‘৫টি স্তম্ভ: পরিবর্তিত বিচারব্যবস্থা’ শীর্ষক এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উদ্বোধনী মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রাজ্যে পূর্বে নতুন আইন প্রয়োগ না করার পেছনে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য ছিল, কারণ এই আইন চালু হলে তোলাবাজি, সিন্ডিকেট ও কাটমানির অপসংস্কৃতি বন্ধ হয়ে যেত। তিনি আরও জানান, নতুন সরকার আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে এবং ভীতিমুক্ত ভরসার শাসন প্রতিষ্ঠাই তাঁদের মূল লক্ষ্য। আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলা এই প্রদর্শনীতে পুলিশের কাজের পদ্ধতি ও নতুন আইনি পরিকাঠামো সাধারণ মানুষের সামনে সহজভাবে তুলে ধরা হচ্ছে।
