ভারতের মাটিতে দাঁড়িয়ে জাতীয় প্রতীকের অবমাননা বরদাস্ত করা হবে না! – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতার প্রাক্কালে লখনউয়ে এক বিশাল তেরঙা যাত্রার সূচনা করে এই কঠোর বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কাকোরি ট্রেন অ্যাকশনের ১০১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশে বসবাস করে জাতীয় প্রতীক, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা রাষ্ট্রীয় গানকে অপমান করার অধিকার কারও নেই। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে বিধান ভবন পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় হাজার হাজার তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের জাতীয় প্রতীকগুলির মর্যাদা বৃদ্ধি করেছেন এবং জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রীয় গান অবমাননাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে ‘হর ঘর তেরঙা’ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, অতীতে সাধারণ মানুষকে নিজ বাড়িতে পতাকা উত্তোলনের জন্য লড়াই করতে হলেও বর্তমান সরকার দেশের ১৪০ কোটি নাগরিককে সেই গৌরবের অধিকার দিয়েছে।
