ভুল করে ভীমরুলের চাকে হাত, বর্ধমানে প্রবীণ বৃদ্ধার নির্মম পরিণতি – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ধমান শহরের বড়নীলপুরের শালবাগান এলাকায় ভীমরুলের প্রাণঘাতী আক্রমণে এক ৮৫ বছর বয়সী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গিয়েছে, অসাবধানতাবশত বাড়ির পাশের জঙ্গলে থাকা একটি ভীমরুলের চাকে হাত লেগে যাওয়ায় সচীরানি শর্মা নামে ওই বৃদ্ধার ওপর ঝাঁকে ঝাঁকে ভীমরুল আক্রমণ চালায়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে পশু চিকিৎসক পার্থ সরকারসহ একাধিক ব্যক্তি আক্রান্ত হন। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর শারীরিক অবস্থার পুন অবনতি ঘটে এবং চিকিৎসার প্রস্তুতি নেওয়ার আগেই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় শতাধিক ভীমরুলের কামড়ের তীব্র প্রতিক্রিয়া ও বিষক্রিয়াই এই মর্মান্তিক পরিণতির কারণ বলে দাবি করছেন মৃতের স্বজনেরা। আচমকা ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনার পর পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
