ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই রেশন বন্ধ নয়! SIR বিতর্কে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট – এবেলা

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই রেশন বন্ধ নয়! SIR বিতর্কে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যজুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়া এবং তা থেকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কায় জেরবার সাধারণ মানুষ। সেই আবহেই একটি তাৎপর্যপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, কেবল ভোটার তালিকায় নাম না থাকার অজুহাতে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রাপ্য রেশন সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।

বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ার কারণে যাঁদের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাঁদের ক্ষেত্রে অবিলম্বে সেই সুবিধা পুনরায় চালু করতে হবে।

ঘটনার সূত্রপাত এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া এক নাগরিকের রেশনের সুবিধা বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে। রেশন ডিলারের তরফে পরিষেবা বন্ধের বার্তা পেয়ে বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলার শুনানিতে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে জানান— ভোটাধিকার এবং খাদ্য পাওয়ার অধিকার, এই দুটো সম্পূর্ণ পৃথক সাংবিধানিক বিষয়।

আদালত উল্লেখ করে যে, ভোটার তালিকা সংশোধনের এক্তিয়ার নির্বাচন কমিশনের, আর খাদ্য নিরাপত্তা আইন ও প্রশাসনিক বিধির অধীনে পরিচালিত হয় গণবণ্টন ব্যবস্থা (PDS)। তাই ভোটার তালিকায় নাম না থাকাটা রেশন পাওয়ার ক্ষেত্রে কোন বাধা হতে পারে না।

আইনজীবী মহল মনে করছে, আদালতের এই নির্দেশ কেবল নির্দিষ্ট মামলাকারীর মধ্যেই সীমাবদ্ধ নয়। এসআইআর-এর জেরে যাঁদের নাম বাদ পড়েছে বা বাদ যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন, এই রায় তাঁদের কাছে এক বিরাট স্বস্তি। প্রশাসন যেন ভোটাধিকারের সঙ্গে মৌলিক খাদ্য সুরক্ষাকে গুলিয়ে না ফেলে, তা স্পষ্ট করে দিয়েছে আদালত।

উল্লেখ্য, রেশন ব্যবস্থার সঙ্গে ভোটার তালিকার আদৌ কোনো প্রশাসনিক যোগসূত্র রয়েছে কি না, আগামী শুনানিতে রাজ্য সরকারকে সেই বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *