ভোটের হারই কাল, প্রতিহিংসায় ১০ হাজার মানুষের পানীয় জল বন্ধ করলেন বিজেপি প্রার্থী!

গুজরাটের ভারুচ জেলায় এক নজিরবিহীন প্রতিহিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হওয়ার পর একটি আস্ত গ্রামের পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি প্রার্থী ও তাঁর বাবার বিরুদ্ধে। টানা চারদিন জলহীন অবস্থায় থাকার পর পুলিশের হস্তক্ষেপে পুনরায় জল পরিষেবা চালু হলেও, এই ঘটনাকে কেন্দ্র করে মোদি-শাহের রাজ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পরাজয়ের আক্রোশ ও জনভোগান্তি
ভারুচের জাম্বুসার তালুক পঞ্চায়েতের কভি-২ আসনে আম আদমি পার্টির প্রার্থীর কাছে বিপুল ব্যবধানে হেরে যান বিজেপি প্রার্থী শাকিল মালেক। গত ২৮ এপ্রিল ফলাফল ঘোষণার পরই শাকিল এবং তাঁর বাবা খালিদ মালেক—যিনি জল সরবরাহ কমিটির প্রধান ছিলেন—দেহগাম গ্রামে পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর ফলে গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা তীব্র গরমের মধ্যে জলসংকটে পড়েন। অভিযোগ উঠেছে, শাকিল ও তাঁর বাবা তলোয়ার হাতে গ্রামে ঘুরে বাসিন্দাদের হুমকি দিয়ে বলেন, ভোট না দেওয়ায় কেউ আর জল পাবেন না।
প্রশাসনিক পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি
টানা চারদিন গ্রামবাসীরা পাশের গ্রামের কুয়ো থেকে জল সংগ্রহ করতে বাধ্য হন। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ শুক্রবার সন্ধ্যায় গ্রামে জল সরবরাহ পুনরায় চালু করে এবং শনিবার অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়। যদিও কয়েক ঘণ্টা পরেই তাঁরা জামিন পান। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ইব্রাহিম মালেক জানিয়েছেন, কয়েক মাস আগে একটি ট্রাস্টের আর্থিক সাহায্যে নর্মদার জল গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল, যার অপব্যবহার করেছেন অভিযুক্তরা। বর্তমানে গ্রামবাসীরা ওই জল সরবরাহ কমিটি থেকে খালিদ মালেককে সরিয়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের দাবি তুলেছেন।
