মমতাকে শুভেন্দুর বার্তা, “যেখানে খুশি যান”—তবে মানতে হবে এই শর্ত! – এবেলা

এবেলা ডেস্কঃ
রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা ঘটে। গাড়িতে কাদা ও পাথর ছোড়ার এই ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং প্রশ্ন উঠেছে তাঁর নিরাপত্তা নিয়ে। এই পরিস্থিতিতে সোমবার কড়া অবস্থান নিয়ে প্রাক্তনের সুরক্ষায় তৎপরতার বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন হালিশহরে প্রয়াত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু স্পষ্ট জানান, রাজনৈতিক বা ব্যক্তিগত কাজে যত্রতত্র যাওয়ার আগে পুলিশ প্রশাসনকে সময়মতো অবগত করলেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
সাংবাদিক বৈঠকে শুভেন্দু আরও বলেন, গতকাল পুলিশের কাছে আগে থেকে কোনো তথ্য না দিয়েই আকস্মিক সফর করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। তবে খবর পাওয়া মাত্রই দলীয় বিধায়কের উদ্যোগে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি পরামর্শ দিয়ে বলেন, ভবিষ্যতে যেখানেই যাওয়ার পরিকল্পনা থাকুক না কেন, তা যেন নির্দিষ্ট সময়ে পুলিশকে জানানো হয়। প্রয়োজনে কলকাতার পুলিশ কমিশনার কিংবা ডিআইজির সঙ্গে যোগাযোগ করার কথা উল্লেখ করে তিনি জানান, নির্দিষ্ট প্রশাসনিক আধিকারিকদের আগাম জানালে রাজ্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের সুরক্ষা সুনিশ্চিত করা হবে।
