মমতা-অভিষেকের বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেশে ফেরানো হবে, বিস্ফোরক দাবি মন্ত্রী অর্জুন সিংয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। শনিবার রাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, শুধুমাত্র দলের অ্যাকাউন্ট নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও দেশে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এই আবহে মন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
ইউসিসি ও গুণ্ডা দমন আইন নিয়ে বড় ঘোষণা: রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড (UCC) বা অভিন্ন দেওয়ানি বিধি লাগু প্রসঙ্গে মন্ত্রী অর্জুন সিং জানান, খুব শীঘ্রই রাজ্যে ‘গুণ্ডা দমন আইন’ কার্যকর করা হবে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গসহ সারা দেশেই ইউসিসি লাগু করা হবে।
প্রসঙ্গত, রাজ্যে ইউসিসি চালুর লক্ষ্যে ইতিমধ্যেই ৯ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’ শীর্ষক এই খসড়া বিলটির মাধ্যমে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও উইল সংক্রান্ত বিষয়ে সমস্ত ধর্মের মানুষের জন্য একটি অভিন্ন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদের নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
