মহারাষ্ট্রের মেয়ে সুইডেনের সাংসদ! আহমেদনগরের স্মৃতি বুকে নিয়ে জয়ী নীলা ভিখে পাটিল – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 20267:20 am
মহারাষ্ট্রের এক নামজাদা রাজনৈতিক পরিবারের মেয়ে এবার বিদেশের মাটিতে ওড়ালেন জয়ের পতাকা। সুইডেনের জাতীয় নির্বাচনে গ্রিন পার্টি (Green Party)-র টিকিটে জয়ী হয়ে সাংসদ (MP) নির্বাচিত হলেন নীলা ভিখে পাটিল। স্টকহোম সিটি কেন্দ্র থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে শেষ হাসি হেসেছেন তিনি।
সুইডেনে জন্ম হলেও নীলার মূল শিকড় জড়িয়ে রয়েছে ভারতে। বাল্যকাল ও কৈশোরের একটা বড় সময় তাঁর কেটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে।
রাজনৈতিক রক্ত, তবে বাবার পথ আলাদা নীলা জন্মসূত্রে এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর কাকা রাধাকৃষ্ণ ভিখে পাটিল মহারাষ্ট্রের বর্তমান জলসম্পদ মন্ত্রী এবং বিজেপি নেতা। নীলার দাদু বালাসাহেব ভিখে পাটিল ছিলেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তবে তাঁর বাবা অশোক ভিখে পাটিল রাজনীতিতে যোগ না দিয়ে শিক্ষাবিদ হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। পরিবারের রাজনৈতিক আবহেই বেড়ে উঠেছেন নীলা।
শিক্ষাজীবন ও পেশাগত সাফল্য সুইডেনের বিখ্যাত গোথেনবার্গ স্কুল অফ বিজনেস থেকে অর্থনীতিতে স্নাতক ও এমবিএ সম্পন্ন করেন নীলা। পাশাপাশি আইন নিয়ে পড়াশোনাও করেন। উচ্চশিক্ষা শেষ করার পর করপোরেট জগতে পা রাখেন তিনি। ২০২০ সালে জনপ্রিয় সংস্থা PwC Sweden-এ যোগ দিয়ে ২০২৫ সালে পাবলিক অ্যাকাউন্ট্যান্ট পদে উন্নীত হন।
ছাত্রজীবন থেকে রাজনীতির ময়দানে কলেজে পড়ার সময় থেকেই সুইডেনের গ্রিন পার্টি (Miljöpartiet)-র সঙ্গে যুক্ত নীলা। দলের ছাত্র ও যুব সংগঠন—যেমন ‘Swedish Young Greens’ এবং ‘Green Students of Sweden’-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের (Stefan Löfven) রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন তিনি। পাশাপাশি কাজ করেছেন স্টকহোম সিটি কাউন্সিলেও।
পরিবেশ ও শিশু অধিকার নিয়ে কাজের অঙ্গীকার সাংসদ নির্বাচিত হওয়ার পর নীলার লক্ষ্য পরিবেশ রক্ষা এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা। নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “যাঁরা ভোট দিতে পারেন না (শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম), আমি তাঁদের প্রতিনিধি হিসেবে কথা বলতে চাই। শহর ও দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
হৃদয়ে এখনও ভারত সুইডেনে স্থায়ী হলেও নিজের শিকড়কে ভুলে যাননি নীলা। ভারতের প্রতি গভীর টানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি ভারতকে অত্যন্ত ভালোবাসি। ভারতের সঙ্গে আমার যোগাযোগের সুতো এখনও অটুট। বহু ভারতীয় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু।”
উল্লেখ্য, সুইডেনের ৩৪৯ আসনের জাতীয় পার্লামেন্ট ‘রিক্সদাগ’ (Riksdag)-এ নীলার দল গ্রিন পার্টি ২২টি আসনে জয়লাভ করেছে। বিদেশের মাটিতে এই সাফল্য উদযাপিত হচ্ছে তাঁর হোমটাউন আহমেদনগর তথা পুরো ভারতে।
