‘মাত্র ৫ মিনিটে সব শেষ…’: অ্যাডোব ইঞ্জিনিয়ারকে গলা টিপে হত্যার অভিযোগ স্ত্রীর পরিবারের বিরুদ্ধে – এবেলা

এবেলা ডেস্কঃ
শিশুকে ওষুধ খাওয়ানো নিয়ে সামান্য বচসার জেরে শ্বশুরবাড়ির নির্মম প্রহারে প্রাণ হারালেন ৩১ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিনয় গুপ্ত। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির নিহাল বিহারের লক্ষ্মী পার্ক এলাকায়। বিনয় নয়ডার বিখ্যাত প্রযুক্তি সংস্থা ‘অ্যাডোব’ (Adobe)-এ কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সন্তানকে ওষুধ খাওয়ানো নিয়ে বিনয় ও তাঁর স্ত্রী রেখার মধ্যে বিবাদ হয়। এরপর রেখা বাপের বাড়িতে ফোন করলে তাঁর পরিবারের সদস্যরা এসে বিনয়ের ওপর চড়াও হয়। বিনয়ের মায়ের অভিযোগ, কথা বলার বাহানায় ঘরে ঢুকে তারা বিনয়ের গলা টিপে ধরে এবং বুকে-পেটে বেধড়ক লাথি-ঘুষি মারে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বিনয়ের বাবা-মাও; হামলায় তাঁর বাবার হাতের আঙুল ভেঙে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিনয় সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং হামলার সময় ঘরের সিসিটিভি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু করেছে। ইতিমধ্যেই মৃত তরুণের স্ত্রী রেখা এবং তাঁর দুই ভাইসহ মোট চারজনকে আটক করা হয়েছে।
