‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা, ডাহা ফেল!’—ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেককেও তোপ স্বাস্থ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয় নিয়ে চলমান বিতর্কের মধ্যেই তৃণমূল সাংসদকে সরাসরি নিশানায় নিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। প্রশ্ন তুলে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক’টি ভবন আইন মেনে তৈরি হয়েছে?” একই সাথে রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন তিনি।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছাত্র পরিষদের সভা প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেন, তিনি ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন’। ক্যামাক স্ট্রিটের কার্যালয় দখলের অভিযোগ নিয়ে শারদ্বত বলেন, “আইন সবার জন্য সমান। সাধারণ মানুষ থেকে শুরু করে সাংসদ—আইনের চোখে সকলেই এক।” সোনারপুরের একটি নির্মীয়মাণ ভবনের প্রসঙ্গ টেনে তিনি জানান, যেমন বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ক্যামাক স্ট্রিটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। কেউ আইন না মানলে আইন তার নিজস্ব পথেই চলবে।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা নিয়েও আদালত অবমাননার অভিযোগ তোলেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, আদালতের নির্দেশ মেনে সভাস্থলে নির্ধারিত খালি জায়গা রাখা হয়নি এবং পথচারী ও দলীয় কর্মীদের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। নির্বাচনে ব্যর্থতার কথা তুলে ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘ডাহা ফেল’ বলে কটাক্ষ করেন তিনি।
রাজনৈতিক আক্রমণের পাশাপাশি বিধাননগরের পুর পরিষেবা ও সৌন্দর্যায়ন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শারদ্বত। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত বৈঠক হলেও পুর এলাকার রক্ষণাবেক্ষণে চরম গাফিলতি রয়েছে। রাস্তার পাশের পদ্মপুকুর ও ফোয়ারাগুলোর পরিচর্যা না হওয়া নিয়ে প্রশ্ন তুলে বিধাননগর পুরসভার কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, সেগুলি নতুন করে তৈরির আগে পুরসভাকে পুনর্বিবেচনা করতে হবে।
