মার্কিন সেনার মিসাইল হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক! ওয়াশিংটনকে কড়া বার্তা জয়শঙ্করের, তলব মার্কিন দূতকে – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: হরমুজ় প্রণালীর কাছে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন সেনার মিসাইল হামলার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ল ভারত। এই প্রাণঘাতী হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আমেরিকার এই আগ্রাসী পদক্ষেপকে ‘কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়’ বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ঘটনার তীব্র কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে তিনি সরাসরি ফোন করেছেন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে। পাশাপাশি, দিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
কী ঘটেছিল ওমান উপসাগরে?
জানা গিয়েছে, ওমান উপসাগরে ‘সেত্তেবেলা’ (MT Settebello) নামের একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন নৌবাহিনী। পালাউয়ের পতাকা লাগানো ওই জাহাজে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি ইরান থেকে বেআইনিভাবে তেল পরিবহন করছিল। নৌ অবরোধ উপেক্ষা করায় জাহাজের ইঞ্জিনরুম লক্ষ্য করে মিসাইল মারা হয়।
আমেরিকাকে ভারতের কড়া হুঁশিয়ারি:
আমেরিকা এই হামলার দায় ইরানের ওপর চাপাতে চাইলেও, ভারতীয় দূতাবাস এবং ইরানের বিদেশমন্ত্রক সেই দাবি উড়িয়ে দিয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তিনবার ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটল।
টুইট (এক্স) করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে তিনি ভারতের তীব্র প্রতিবাদের কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। বাণিজ্যিক জাহাজের ওপর এমন প্রাণঘাতী হামলা কোনো আন্তর্জাতিক নিয়মের মধ্যেই পড়ে না। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরণের হামলা বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ধ্বংস করছে। ভবিষ্যতে যাতে এমন রক্তক্ষয়ী ঘটনা আর না ঘটে, তার জন্য আমেরিকাকে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করার কড়া নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।
