মালদায় ব্রেক ফেল করে লরিতে ধাক্কা SUV-র: নিভে গেল ১ প্রাণ, আশঙ্কাজনক ৪ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 8, 202612:33 pm
মালদা: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। সোমবার গভীর রাতে ডালখোলা-বকখালি জাতীয় সড়কে কালিয়াচক থানার জালালপুর এলাকায় লরি ও SUV-র মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আরও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পাঁচজন আরোহী নিয়ে SUV গাড়িটি মালদা থেকে কালিয়াচকের দিকে যাচ্ছিল। জালালপুরের একটি হাসপাতালের সামনে পৌঁছালে গাড়িটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। চালক ব্রেক কষার চেষ্টা করলেও গাড়িটি থামেনি, বরং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হয়ে বিপরীত দিকের লেনে চলে যায়। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। সংঘর্ষের তীব্রতায় SUV-টি দুমড়ে-মুচড়ে যায়।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং কালিয়াচক থানার পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে দুমড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি চারজনের চিকিৎসা চলছে। পুলিশ মৃত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
