মালদা মেডিক্যালে একদিনে ১০ সদ্যোজাতের মৃত্যু, স্বাস্থ্য ভবনে রিপোর্ট পেশ কর্তৃপক্ষের – এবেলা

মালদা মেডিক্যালে একদিনে ১০ সদ্যোজাতের মৃত্যু, স্বাস্থ্য ভবনে রিপোর্ট পেশ কর্তৃপক্ষের – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদা: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একদিনেই ১০ জন সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অগস্টের দ্বিতীয় সপ্তাহে ঘটা এই মর্মান্তিক ঘটনায় রাজ্য স্বাস্থ্য দফতর উদ্বেগ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

হাসপাতালের মেডিক্যাল সুপার প্রসেনজিৎ বার জানিয়েছেন, মৃত ১০ সদ্যোজাতের মধ্যে মাত্র ২ জনের জন্ম এই মালদা মেডিক্যালে হয়েছিল। বাকি ৮ জন শিশুকে অন্য কোনো সরকারি হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোম থেকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এখানে রেফার করা হয়। মূলত তীব্র শ্বাসকষ্ট, জন্ডিস এবং জটিল হৃদরোগ সংক্রান্ত সমস্যার কারণেই শিশুগুলির মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।

তিনি আরও জানান, স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে এবং খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ ও বিস্তারিত রিপোর্ট জমা করা হবে।

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে একের পর এক শিশুমৃত্যুর ঘটনা প্রশাসনিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও মালদা মেডিক্যাল কলেজের এই মর্মান্তিক ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল। এখন স্বাস্থ্য ভবন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *