মীরার নিরাপত্তা ফেরাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, ‘পরম সৌভাগ্য’ বললেন বুদ্ধ-জায়া – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের সরকারি নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে বর্তমান রাজ্য রাজনীতিতে সৌজন্যের এক অনন্য নজির হিসেবেই দেখছেন ওয়াকিবহাল মহল। আর এই খবর পেয়ে নতুন মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বয়ং বুদ্ধ-জায়াও।
গত ৮ আগস্ট ২০২৪-এ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরেই পাম অ্যাভিনিউয়ের বাসভবন থেকে মীরা ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল তৎকালীন সরকার। বর্তমানে সেই পরিচিত ছোট্ট ফ্ল্যাটেই একা এবং সাদামাটা জীবনযাপন করেন তিনি। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে আপ্লুত মীরাদেবী ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “বুদ্ধবাবুর মৃত্যুর পরই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। এখন অবশ্য আমার নিরাপত্তা নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। তবে নতুন মুখ্যমন্ত্রী যদি আমার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা আমার পরম সৌভাগ্য।”
রাজনৈতিক মতাদর্শের বিস্তর ফারাক থাকলেও, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বর্তমান মুখ্যমন্ত্রীর এই সম্মান প্রদর্শন রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে। মে মাসে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক হাজারো ব্যস্ততার মধ্যেও শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, বরাবরই আড়ম্বরহীন জীবনযাপন করে এসেছেন বুদ্ধদেব ও মীরা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী থাকাকালীনও পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট ছেড়ে বিলাসবহুল সরকারি আবাসনে যাননি তাঁরা; এমনকি জ্যোতি বসুর অনুরোধও ফিরিয়ে দিয়েছিলেন। সদ্য সরকার পরিবর্তনের পর এই নতুন প্রশাসনকেও স্বাগত জানিয়েছিলেন মীরাদেবী। রাজনৈতিক ভিন্নমত সত্ত্বেও তিনি আশা প্রকাশ করেছিলেন যে, রাজ্যে ফের আইনশৃঙ্খলা ফিরবে এবং প্রশাসন ২০১১ সালের আগের মতো সিন্ডিকেটমুক্ত সুস্থ পরিবেশ তৈরি করতে সক্ষম হবে।
