মুখ্যমন্ত্রীর ওএসডি হলেন খোদ জ্যোতিষী, তামিলনাড়ু প্রশাসনে রাধন পণ্ডিতের নতুন ইনিংস

তামিলনাড়ুর রাজনীতিতে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা করে নিজের ব্যক্তিগত জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেট্ট্রিভেলকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা ওএসডি হিসেবে নিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রাজ্য সরকারের পাবলিক ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিজয় তাঁর দীর্ঘদিনের আস্থাভাজন এবং আধ্যাত্মিক পরামর্শদাতার ওপর প্রশাসনের গুরুত্বপূর্ণ ভরসা রাখলেন।
ভবিষ্যদ্বাণী থেকে প্রশাসনিক পদ
রাধন পণ্ডিত কেবল বিজয়ের জ্যোতিষী নন, তিনি তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে) দলের মুখপাত্র হিসেবেও পরিচিত। নির্বাচনের আগে তাঁর করা ‘সুনামি জয়’-এর ভবিষ্যদ্বাণী রাজনৈতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি দাবি করেছিলেন, বিজয়ের কুষ্ঠি অত্যন্ত শক্তিশালী এবং দল ১৪০ থেকে ১৭০টি আসন পেতে পারে। যদিও শেষ পর্যন্ত টিভিকে ১০৮টি আসন জিতে জোট সরকারের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, তবুও দলের উত্থানে রাধন পণ্ডিতের গণনার প্রভাব অনস্বীকার্য বলে মনে করেন ঘনিষ্ঠ মহল। এমনকি দলের নাম নির্বাচন থেকে শুরু করে শপথগ্রহণের শুভ মুহূর্ত নির্ধারণ— প্রতিটি ক্ষেত্রেই রাধন পণ্ডিতের সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্রীয় পরামর্শ গুরুত্ব পেয়েছে।
প্রশাসনিক প্রভাব ও রাজনৈতিক চর্চা
একজনকে জ্যোতিষীকে সরাসরি সরকারি উচ্চপদে বসানোর এই সিদ্ধান্ত তামিলনাড়ুর রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, প্রশাসনিক কাজে পেশাদারিত্বের বদলে ব্যক্তিগত বিশ্বাসকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে দলের একাংশের দাবি, রাধন পণ্ডিতের কৌশলগত জ্ঞান এবং জনমত বোঝার ক্ষমতা সরকারের নীতি নির্ধারণে সহায়ক হবে। এই নিয়োগের ফলে আগামী দিনে তামিলনাড়ু সরকারের গুরুত্বপূর্ণ ফাইল বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব কতখানি প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার বিষয়। বিজয় সরকার ক্ষমতায় আসার পরপরই মদের দোকান বন্ধের মতো বড় সিদ্ধান্ত নিয়েছে, যার নেপথ্যেও এই বিশেষ বিভাগের পরামর্শ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
