মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট প্রস্তাব, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ বিরোধীদের – এবেলা
এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাব আনার প্রক্রিয়ায় বড়সড় সাফল্যের মুখ দেখল বিরোধী শিবির। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সমর্থনে এই প্রস্তাবটি পেশ করার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতেই বিরোধীদের এই সম্মিলিত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সংসদীয় নিয়ম অনুযায়ী, লোকসভায় এই প্রস্তাব উত্থাপনের জন্য ১০০ জন সাংসদের স্বাক্ষরের প্রয়োজন থাকলেও ইতিমধ্যেই ১৩০ জনের বেশি সদস্য সই করেছেন। একইভাবে রাজ্যসভাতেও প্রয়োজনীয় ৫০ জন সদস্যের পরিবর্তে ৬০ জনের বেশি সাংসদ এতে সমর্থন জানিয়েছেন। লোকসভায় তৃণমূলের উপ-দলনেতা শতাব্দী রায় এবং রাজ্যসভায় নাদিমুল হক এই স্বাক্ষর সংগ্রহের কাজে নেতৃত্ব দিচ্ছেন।
স্বাক্ষর সংগ্রহের কাজ সম্পন্ন হওয়ায় দ্রুতই সংসদের উভয় কক্ষে এই প্রস্তাব জমা দেবে বিরোধীরা। এরপর লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান প্রস্তাবটি নিয়ে আলোচনার অনুমতি দেবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন। আলোচনার অনুমতি মিললে বিতর্কের পর ভোটাভুটি হবে। প্রাথমিক ধাপে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারায় আপাতত স্বস্তিতে বিরোধী শিবির।

