মুম্বই থেকে দিল্লি পৌঁছেই আটক! মুক্ত হয়েও কেন যন্তর-মন্তরের পথ ছাঁটলেন সিজেপি প্রধান অভিজিৎ? – এবেলা

এবেলা ডেস্কঃ
ককরোচ জনতা পার্টির (সিজেপি) দিল্লি অভিযান ঘিরে উত্তেজনার পারদ চড়লেও যন্তর-মন্তরের মিছিলে যোগ না দিয়ে সরাসরি নিজের গ্রামে ফিরে যাচ্ছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ১০ অক্টোবর দিল্লি পৌঁছানোর পর বিমান থেকেই প্রতিরোধমূলক আটকের শিকার হন অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। রবিবার সকালে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করার পর তাদের মুক্তি দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর সবাই যখন মনে করছিলেন অভিজিৎ আন্দোলনের নেতৃত্বে রাজপথে নামবেন, ঠিক তখনই তিনি এক্স হ্যান্ডেলে জানান যে আপাতত তিনি সব ছেড়ে বাড়ি ফিরছেন।
এই সিদ্ধান্তের পেছনে এক মর্মান্তিক পারিবারিক কারণ প্রকাশ করেছেন সিজেপি প্রধান। শনিবারই মারা গিয়েছেন তাঁর বৃদ্ধা ঠাকুমা। হিংগোলির সন্তুক পিম্পরি গ্রামে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতেই এই কঠিন সময়ে আন্দোলনের বদলে গ্রামে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে লড়াই থামছে না বলে সতর্ক করেছেন অভিজিৎ। তিনি জানান, সৌরভ ও আশুতোষ রাঙ্কা দ্রুত দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন এবং সিজেপিকে কোনোভাবেই ভয় দেখিয়ে থামানো যাবে না।
