মেট্রোযাত্রীদের জন্য বড় খবর! নতুন বছরের শুরুতেই খুলছে নিউ গরিয়া স্টেশন, চালু হচ্ছে সেক্টর ৫ রুটও? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 29, 20261:55 pm
এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নিউ গরিয়া (কবি সুভাষ) মেট্রো স্টেশন। কবে আবার এই স্টেশন দিয়ে যাতায়াত শুরু করা যাবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল সাধারণ মানুষের মনে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। দ্রুতগতিতে চলছে পুনর্নির্মাণের কাজ, পাশাপাশি নিউ গরিয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর কাজও শেষ পর্যায়ে।
মেট্রো কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, আগামী ১ জানুয়ারি (২০২৭) থেকেই নিউ গরিয়া স্টেশনটি সাধারণ যাত্রীদের জন্য পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কাজের গতি বাড়াতে অতিরিক্ত কর্মী নিয়োগ করে দিন-রাত কাজ চালানো হচ্ছে। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে কিছুটা কাজের ব্যাঘাত ঘটলেও, নির্ধারিত সময়ের মধ্যেই স্টেশন চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই স্টেশনের পরিকাঠামোগত পাইলিংয়ের কাজ সম্পূর্ণ, এখন বাকি থাকা অন্যান্য নির্মাণকাজ ও পরিকাঠামো পরিমার্জনের চেষ্টা চলছে।
কেন দীর্ঘদিন বন্ধ ছিল এই স্টেশন?
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই নিউ গরিয়া স্টেশনের একটি পিলারে ফাটল দেখা দেয়। যাত্রী নিরাপত্তার কথা চিন্তা করে সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে পুরনো কাঠামো ভেঙে নতুন করে স্টেশনটি নির্মাণের সিদ্ধান্ত নেয় রেল। প্রথমে ১০-১২ মাসের মধ্যে কাজ শেষ করার অনুমান করা হলেও নানান কারণে সময় কিছুটা বেশি লেগে যায়।
তবে এবার ১ জানুয়ারিকে সামনে রেখে জোরকদমে এগোচ্ছে কাজ। নিউ গরিয়া চালু হলে দীর্ঘদিন ধরে বিকল্প স্টেশনের ওপর নির্ভর করা মেট্রোযাত্রীদের দুর্ভোগ একধাক্কায় অনেকটা কমবে।
অরেঞ্জ লাইনে স্বস্তি, জুড়ছে সেক্টর ফাইভ:
নতুন বছরের শুরুতে কেবল নিউ গরিয়া স্টেশন খোলাই নয়, যাত্রীদের নজর রয়েছে ‘অরেঞ্জ লাইন’-এর নিউ গরিয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি যোগাযোগের ওপর। শহরের দক্ষিণ অংশের সঙ্গে তথ্যপ্রযুক্তি হাব সেক্টর ফাইভ যুক্ত হলে প্রতিদিনের হাজার হাজার কর্মজীবী মানুষের সময় ও কষ্ট দুই-ই বাঁচবে।
প্রকল্পের অত্যন্ত জটিল অংশ চিংড়িঘাটার উড়ালপুল নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে সেখানে সিগন্যালিংয়ের কাজ চলছে, যা চলতি বছরের শেষেই গুটিয়ে ফেলার লক্ষ্য রয়েছে। সব পরিকল্পনা অনুযায়ী চললে, ২০২৭-এর শুরুতেই অরেঞ্জ লাইনে নিউ গরিয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর চাকা ঘুরতে চলেছে।
