মেডিক্যাল প্রফেসরদের পদোন্নতির প্যানেল বাতিল করল নতুন সরকার! ভবিষ্যৎ অনিশ্চিত হাজারো শিক্ষক-চিকিৎসকের – এবেলা

মেডিক্যাল প্রফেসরদের পদোন্নতির প্যানেল বাতিল করল নতুন সরকার! ভবিষ্যৎ অনিশ্চিত হাজারো শিক্ষক-চিকিৎসকের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: মেগা ধাক্কা রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে। গত মার্চ মাসে শুরু হওয়া মেডিক্যাল এডুকেশন সার্ভিসের প্রোমোশনাল ইন্টারভিউ প্যানেল এক ঝটকায় বাতিল করে দিল রাজ্যের নতুন বিজেপি সরকার। বুধবার স্বাস্থ্য দপ্তরের এই নজিরবিহীন নির্দেশিকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়ে পদোন্নতির অপেক্ষায় থাকা সহস্রাধিক শিক্ষক-চিকিৎসকের ভবিষ্যৎ এক ধাক্কায় ঘোর অনিশ্চয়তার মুখে পড়ে গেল।

বিগত তৃণমূল সরকারের নেওয়া সব পদক্ষেপেই কি দুর্নীতির গন্ধ রয়েছে? স্বাস্থ্য দপ্তরের এই সাম্প্রতিক বিজ্ঞপ্তির পর এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যের প্রফেসর পদে ২২৬টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে ৪৭১টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৩২৮টি শূন্যপদ রয়েছে। এই শূন্যপদগুলির জন্যই গত মার্চ মাসে বিভিন্ন বিষয়ের চিকিৎসকদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং সেই মতো প্যানেলও প্রস্তুত করা হয়েছিল। কিন্তু বুধবার রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা এক নতুন বিজ্ঞপ্তি জারি করে আগের পুরো প্রক্রিয়াটিই বাতিল করে দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে সম্পূর্ণ নতুন করে আবেদন ও ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, পদোন্নতির জন্য আগামী ১৫ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। সবথেকে বড় বিষয় হলো, আগের নির্বাচন পর্বে যাঁরা আবেদন ও ইন্টারভিউ দিয়েছিলেন, তাঁদেরও এবার নতুন করে আবেদন করতে হবে। ইন্টারভিউয়ের নতুন সূচি পরবর্তী সময়ে জানানো হবে। তবে ঠিক কী কারণে আগের তৈরি হওয়া প্যানেলটি বাতিল করা হলো, সে বিষয়ে সরকারি স্তরে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে চিকিৎসক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *