মেসিকাণ্ডে লুণ্ঠিত টাকা ফেরতের আশ্বাস, কলঙ্ক ঘুচিয়ে তদন্তের পথে রাজ্য সরকার

কলকাতার ক্রীড়া ইতিহাসে ‘মেসিকাণ্ড’ এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল রাজপুত্র লিওনেল মেসিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, তা নিয়ে এবার কঠোর অবস্থান নিল বর্তমান রাজ্য সরকার। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা লুটের অভিযোগকে গুরুত্ব দিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না এবং নিয়মের বাইরে হওয়া প্রতিটি পদক্ষেপ খতিয়ে দেখা হবে।
তদন্তের আওতায় অভিযুক্তরা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি
মেসিকাণ্ডকে কলকাতার জন্য অত্যন্ত আসাম্মানজনক বলে উল্লেখ করে মন্ত্রী জানান, যেখানেই নিয়ম লঙ্ঘন হয়েছে, সেখানেই রিভিউ করা হবে। যারা এই কলঙ্কজনক ঘটনার নেপথ্যে ছিল, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের নতুন মন্ত্রী নিশীথ প্রামাণিকও এই বিষয়ে সুর চড়িয়েছেন। তিনি ইতিমধ্যে এই সংক্রান্ত ফাইল তলব করেছেন এবং জানিয়েছেন যে, দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে দোষীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে প্রশাসন।
টিকিটের টাকা ফেরত ও ভবিষ্যৎ পরিকল্পনা
গত বছর ১৩ ডিসেম্বর মেসিকে দেখার সুযোগ করে দেওয়ার নাম করে দর্শকদের সঙ্গে যে প্রতারণা করা হয়েছিল, তার প্রতিকারের কথা ভাবছে সরকার। দর্শকদের অভিযোগ ছিল, চড়া দামে টিকিট কেটেও বিশৃঙ্খলার কারণে তারা প্রিয় তারকাকে দেখতে পাননি। সাধারণ মানুষের সেই অর্থ ফেরানোর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যদিও টাকা ফেরতের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনার পরেই নেওয়া হবে, তবে ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ প্রশমিত করার আশ্বাস দিয়েছে দফতর। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের ক্রীড়া পরিকাঠামোয় স্বচ্ছতা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে।
