মোদি সরকারের তোতা পাখি আয়কর দপ্তর, বারুইপুর থেকে হুঙ্কার মমতার!

বারুইপুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টদের সতর্ক থাকতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বিরোধী শিবির প্রলোভন বা ষড়যন্ত্রের মাধ্যমে তৃণমূলের এজেন্টদের সরিয়ে দেওয়ার অপচেষ্টা করতে পারে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন যে, কোনো অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি অগণতান্ত্রিক পথ বেছে নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
নির্বাচনী আবহে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানার প্রসঙ্গ টেনে তিনি আয়কর দপ্তরকে ‘মোদি সরকারের তোতা পাখি’ হিসেবে অভিহিত করেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন যে, বিজেপি ইডি ও সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করছে। এছাড়া, ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টে লড়াই করে তালিকাভুক্ত ৩২ লক্ষ ভোটারের মধ্যে থেকেও অনেকের নাম মুছে ফেলা হচ্ছে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বদলি এবং নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা নিয়েও তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
