‘মোদীজির গ্যারান্টি, যা বলব তাই করে দেখাব!’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
কার্শিয়াং: রাজ্যের মহিলাদের জন্য এবার বিরাট সুখবর! ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড়সড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের এক জনসভা থেকে তিনি স্পষ্ট বার্তা দিলেন, রাজ্যের সমস্ত যোগ্য মা-বোনেরা যাতে এই প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান, তার জন্য বদ্ধপরিকর তাঁর সরকার।
এদিনের সভা থেকে প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অন্নপূর্ণা যোজনার অধীনে ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৩ লক্ষ অ্যাকাউন্টের ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্ব সফলভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে।
বাড়ি বাড়ি যাবেন বিধায়করা: যাঁদের নাম এখনও তালিকায় ওঠেনি বা যাচাইকরণ বাকি রয়েছে, তাঁদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দলের বিধায়করা রাজ্যের সমস্ত গ্রাম ও ওয়ার্ডে যাবেন। বাংলার প্রতিটি দিদি এবং বোনেরা যাতে মোদীজির এই গ্যারান্টির সুবিধা পান, তা তাঁরাই নিশ্চিত করবেন।”
‘যা বলব, তাই করব!’ জনসভা থেকে আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, তাঁর সরকার প্রতিশ্রুতি পালনে পিছপা হবে না। দৃপ্ত কণ্ঠে তিনি বলেন, “আমি যা বলব, ভেবেচিন্তেই বলব। আর যা বলব, সেই কাজই আমি করে দেখাব। আমার সরকার করবে, বিজেপির সরকার করবে।”
অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর এই দৃঢ় বার্তার পর রাজ্যের মহিলাদের মধ্যে নতুন করে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। পাশাপাশি, তাঁর এই বক্তব্য রাজনৈতিক মহলেও বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
